কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও নবগঠিত চর শৌলমারী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে এ তফশিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফশিল অনুযায়ী, ৯ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১২ জুলাই মনোনয়নপত্র বাছাই, ২০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ আগস্ট ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দাঁতভাঙ্গা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের নির্বাচন সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়। এ অবস্থায় দাঁতভাঙ্গা ও বন্দবেড় ইউনিয়নের কিছু এলাকা নিয়ে ২০১২ সালের ৪ জুন চর শৌলমারী নামে নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়।
এ সময় সীমানা নিয়ে একটি পক্ষ আদালতে মামলা দায়ের করলে পরবর্তীতে এই ৩ ইউনিয়নে নির্বাচন স্থগিত হয়ে যায়। অতিসম্প্রতি মামলা নিষ্পত্তি হয়েছে।
এছাড়া বিগত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর নতুন ইউনিয়ন চর শৌলমারী গঠিত হওয়ায় এই ৩ ইউনিয়নে নির্বাচনের উল্লিখিত তফশিল ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন জানান, আদালতে মামলার নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনায় এ তফশিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার হিসেবে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে।