লালমনিরহাট: লালমনিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেটকে(৩২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার(২৮জুন) দুপুর দেড়টায় নিহত যুবলীগকর্মী বুলেটের বাবা এনামুল হক বাদি হয়ে আমিনুর খানকে প্রধান করে ৭জনের নামসহ অজ্ঞাত নামা আরো কয়েকজনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
বুলেটের মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তানান্তর করা হবে।
নিহতের চাচাত ভাই লোটাস সরকার এ ঘটনা আমিনুর খানকে দায়ি করে বলেন, এমন কোন কাজ নেই আমিনুর খান পারে না। তার নামে অপহরন, চাঁদাবাজিসহ অর্ধডজন মামলা রয়েছে। মহেন্দ্রনগর বাজারে আমিনুর খানের বিভিন্ন অনৈতিক কাজে বাঁধা প্রদান করত বুলেট। তাই একক আধিপত্য বিস্তারের জন্য বুলেটকে হত্যা করেছে আমিনুর খান।
এ ঘটনায় জড়িত সন্দেহে সদর থানা পুলিশ রাতেই আপেল(২৮) নামে আমিনুর খানের এক সহযোগিকে হাসপাতাল এলাকা থেকে আটক করে। আটক আপেলকে এ মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আপেলকে সন্দেহজনক ভাবে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মাধ্যমে বেশ কিছু তথ্য পাওয়া গেছে উল্লেখ করে ওসি বলেন, বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।