সিসি নিউজ: একাদশ শ্রেনীতে ভর্তিতে অনলাইনে ফল প্রকাশের পর কান্নাকাটি শুরু করেছেন রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল এ্যান্ড কলেজের ছাত্রীরা।
তারা এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করলেও অনেকেই ভর্তি হতে পারছেন না ভিকারুন্নিসায়। এ কারণে সকাল থেকেই ভিকারুন্নিসার অনেক ছাত্রী কান্নায় ভেঙ্গে পড়েছেন।
ভিকারুন্নিসা নুন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া আক্তার সাংবাদিকদের জানান, দুপুর ১টা বেজেগেছে তবুও বিজ্ঞান ছাড়া আর কোন শাখার ফলাফলই আমরা জানতে পারিনি। কখন পাবো তারও ঠিক নেই।
তিনি বলেন, আমাদের এখান থেকে ভালো রেজাল্ট করে এসএসসি পাশ করেছে, কিন্তু বোর্ডের প্রকাশিত তালিকায় তাদের নাম নেই। এখন মেয়েরা অনেক কান্নাকাটি করছে।
সুফিয়া আক্তার প্রশ্ন রাখেন, এতদিন এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে এখন কলেজে ভর্তি হতে পারছে না, এটা কেমন কথা?