সিসি নিউজ: সৈয়দপুরে পুলিশের সহকারি টাউন উপপরিদর্শক (এটিএসআই) মো. মোস্তাক আলীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়।
এটিএসআই মোস্তাক আলী জানান, গত শনিবার গভীর রাতে শহরের নতুন বাবুপাড়া শহীদ ডা. বদিউজ্জামান রোডের ভাড়া বাসার সিঁড়ি ঘরে রাখা তাঁর ব্যবহৃত বাজাজ ১২৫ সিসির মোটরসাইকেলটি চুরি হয়। মোটরসাইকেলটি চুরির পর থেকে তিনি তা উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করছিলেন। মঙ্গলবার সকালে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া মোড় সংলগ্ন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিআরএস কার্যালয় সংলগ্ন এলাকায় মাঠের মধ্যে একটি বাজাজ ১২৫ সিসির কালো রংয়ের একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। এ সময় মাঠে মধ্যে পড়ে থাকা মোটরসাইকেলটি এটিএসআই মোস্তাক আলীর হতে পারে বলে ধারণা করেন সেখানে উপস্থিত অনেকেই। পরে এলাকবাসী তার (মোস্তাক আলী) মোবাইল ফোন নম্বরটি সংগ্রহ করে উল্লিখিত এলাকায় মাঠের মধ্যে একটি মোটরসাইকেল পড়ে থাকার খবরটি জানান তাকে। খবর পেয়ে তিনি দ্রুত সেখানে ছুঁটে যান। এ সময় মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মোটরসাইকেলটি তাঁর বলে সনাক্ত করেন তিনি। পরে তিনি বিষয়টি সৈয়দপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবগত করেন। খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় তাঁর পড়ে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
সৈয়দপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন এটিএসআই মোস্তাক আলীর চুরি যাওয়া মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।