সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর সরকারি খাদ্য গুদামে খালাস করা হচ্ছে বহুল আলোচিত ব্রাজিল থেকে আমদানিকৃত গম । ৩০টি ওয়াগনে পাঠানো হয়েছে এক হাজার তিনশ ৩০ মেট্রিক টন গম। এর মধ্যে ওয়াগন থেকে খালাস করা হয়েছে প্রায় এক হাজার একশ ৯৫ মেট্রিক টন।
সূত্র মতে, খুলনা মহেশ্বরপাশা সিএসডি থেকে গত ২৩ জুন সৈয়দপুরের উদ্দেশে পাঠানো হয় ৩০টি ওয়াগনে এক হাজার তিনশ ৩০ মেট্রিক টন গম। ইতোমধ্যে ২৭টি ওয়াগন খালাশ করে এক হাজার একশ ৯৫ মেট্রিক টন গম গুদামজাত করা হয়েছে। অবশিষ্ট ৩টি ওয়াগন দু’একদিনের মধ্যে খালাস করা হবে।
গম খালাসের সময় প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ওয়াগনের গম একেবারেই পচা-নষ্ট। যা খাবার উপযোগি নহে।
এ ব্যাপারে সৈয়দপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান সরকার পলাশ সংবাদ মাধ্যমকে জানান, ‘দেশীয় গমের দানা পুষ্ট ও চকচকে। এর তুলনায় ব্রাজিল থেকে আমদানিকৃত গমের দানা ছোট ও কিছুটা ময়লা। এসব গম ভাঙা হলে কী পরিমাণ আটা পাওয়া যাবে তা বলা সম্ভব নয়। তবে আপাতত এসব গমে কোনো সমস্যা রয়েছে কী না তা দৃশ্যমান হচ্ছে না।’