মৌলভীবাজার: বড়লেখায় ২৪ দিন ঘরে আটকে রেখে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই রুবেল সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাতে রুবেলকে এলাকাবাসীর সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।
রুবেল সিকদার সিলেটের কানাইঘাট উপজেলার ময়নাপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, রুবেল সিকদার বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম শঙ্করপুর গ্রামের আব্দুল মতলবের বড় মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। গত ৫ জুন রুবেল শিকদার তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে চান্দগ্রাম বাজারে ফার্ণিচার কিনতে যান। সেখানে রুবেল তার স্ত্রীকে দোকানে বসিয়ে রেখে শালিকাকে নিয়ে সঠকে পড়েন। পরদিন রুবেল শ্যালিকাকে নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে তার বোনের বাসায় উঠেন। সেখানে রুবেল তার শ্যালিকাকে টানা ২৪ দিন আটকে রেখে পাশবিক নির্যাতন করেন। গত ২৯ জুন শ্যালিকা কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে ঘটনাটি পরিবারকে জানায়।
এ ঘটনায় ওই শ্যালিকা বাদী হয়ে শনিবার বড়লেখা থানায় রুবেল সিকদারকে প্রধান আসামি করে দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। শনিবার রাতেই রুবেলকে এলাকাবাসীর সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার সত্যতা স্বীকার করে জানান, রুবেল শিকদারকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।