সিসি নিউজ: একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় নতুন করে মনোনীত হয়েছে ১৭ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী।সোমবার সন্ধ্যায় একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) এ মেধাতালিকা প্রকাশ করা হয়।
দ্বিতীয় মেধাতালিকায় প্রথম দফায় বাদ পড়া ৬২ হাজার ৮৫০ শিক্ষার্থীর মধ্যে নতুন করে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের জন্য মনোনীত হয়েছেন ১৭ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী। প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা মিলিয়ে এ পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন প্রায় ৯ লাখ ৩২ হাজার শিক্ষার্থী। এই দুই তালিকায় নাম না আসা শিক্ষার্থীরা এখনও কোনো কলেজের জন্য মনোনীত হয়নি। এছাড়া কলেজ পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশন করেছেন ৬ হাজার ৯২১ জন শিক্ষার্থী।
দ্বিতীয় মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীরা আগামী ৭ ও ৮ জুলাইয়ের মধ্যে নিজেদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। যারা মেধা তালিকায় সুযোগ পেয়েও ভর্তি হয়নি বা নির্বাচিত হয়নি তারা কোনো প্রকার ফি ছাড়াই ৫টি কলেজে আসন ফাঁকা থাকার শর্তে ৯ ও ১০ জুলাই আবেদন করতে পারবে। ১১ জুলাই এই আবেদনের ফল প্রকাশিত হবে এবং ১২ জুলাই তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এরপরেও যারা ভর্তি হতে পারেননি বা অনলাইনে আবেদন করেননি তারা কোনো প্রকার ফি ছাড়াই ১৩ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। ২৩ জুলাই এ আবেদনের ফল প্রকাশ করা হবে। ২৫ ও ২৬ জুলাই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য প্রথমবার সারা দেশে একযোগে অনলাইনে আবেদনের পর গত ২৮ জুন মধ্যরাতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।
প্রথম মেধা তালিকা প্রকাশের পর নানা রকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত চার দফায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।