নড়াইল: জেলার লোহাগড়ায় আধিপত্য বিস্তারের জের ধরে আসাদ মোল্যা (৪০) নামে এক আওয়ামী লীগ সমর্থককে খুন করেছে প্রতিপক্ষ অপর আওয়ামী লীগ সমর্থকরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে।
মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি লোহাগড়া উপজেলা কাশিপুর ইউনিয়নের শারুলিয়া গ্রামের মৃত্য আলেক মোল্লার ছেলে।
পুলিশ জানায়, নড়াইলের লোহগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান এবং প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জের ধরে শারুলিয়া গ্রামের আসাদ সকালে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর যখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’