সিসি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আর নেই। ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিলের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।
এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে আজ বুধবার এ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।
এর আগে এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।পাশাপাশি এ সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান আদালত।
এ বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
মিনারা বেগম ও রুহুল আমিনসহ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের অভিভাবকরা এ রিট আবেদনটি দায়ের করেন। ২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এতোদিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরপর দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। গত বছর তা সীমিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শুধু ওই বছরের উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা। অর্থাৎ, চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১২ মার্চ হাইকোর্টে আবেদন করেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক ২৬ জন শিক্ষার্থীর অভিভাবক।
গত মঙ্গলবার রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।