সিসি ডেস্ক: আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ আগস্ট অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছেন জেলা ও দায়রা জজ আদালত।
গত মাসে মামলার অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান ৮ জুলাই অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেন। আজ বুধবার আসামিপক্ষের আইনজীবী আসামিদের উপস্থিতিতে আদালতকে জানান, তাদের প্রধান আইনজীবী ২১ আগস্টের বোমা হামলা মামলায় শুনানিতে উপস্থিত থাকায় এ মামলা কার্যক্রমে উপস্থিত থাকতে পারছেন না। আবেদন শুনানি শেষে আদালত একমাস সময় দিয়ে ১৩ আগস্ট পরবর্তী দিন নির্ধারণ করেন।
মামলার পলাতক চার আসামি হলেন, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, কারখানা ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল ও প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু। তাজরীনের এমডি দেলোয়ার হোসেন, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার জামিনে রয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসেবে তাজরীন ফ্যাশনসের ১১১ জন কর্মী দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ১০৪ শ্রমিক।
এ ঘটনায় ২৫ নভেম্বর আশুলিয়া থানায় উপ-পরিদর্শক (এস আই) খায়রুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। একইসঙ্গে ২০১৩ সালের ২৯ মে অগ্নিকাণ্ডে নিহত রেহানার ভাই মতিকুল ইসলাম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনসহ অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। দুই মামলা একসঙ্গে তদন্ত করে ঘটনার এক বছর এক মাস পর চার্জশিট জমা দেয় সিআইডি পুলিশ।
গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন সিআইডি পুলিশের পরিদর্শক মহসীনউজ্জামান খান। চার্জশিটে ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন, তাজরীনের এমডি দেলোয়ার হোসেন, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মো. দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল আমিন, ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, স্টোর ইনচার্জ আল আমিন ও লোডার শামীম মিয়া।