চুয়াডাঙ্গা: নিজ শয়ন কক্ষে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সমকালের প্রতিনিধি আবু সায়েম নিহত হয়েছেন।
বুধবার বেলা ৩টার দিকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজিব সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে জীবননগরের মনোহরপুরের পিয়ারাতলাস্থ নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু সায়েম গুরুতর আহত হন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বুধবার ভোর ৪টার দিকে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে মতিয়ার রহমানের ছেলে রাজিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সায়েমের পিয়ারাতলার বাড়ির দ্বিতীয় তলায় উঠে তার বুকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। সায়েমের চিৎকার শুনে পাশের ঘর থেকে এগিয়ে এলে তার বাবা আবুল খায়ের বাচ্চু মোল্লার মাথায় ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। পরে প্রতিবেশীদের সহায়তায় সায়েমকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার আরো বেশি অবনতি হওয়ায় যশোর হাসপাতাল থেকে মঙ্গলবার রাত ৩টায় আবু সায়েমকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টার দিকে সায়েমের মৃত্যু হয়।
এদিকে সায়েম হত্যার ঘটনায় তার বড়ভাই আবুল হাশেদ বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা করেছেন। জীবননগর থানার ওসি হুমায়ন কবির বলেন, ‘হামলার খবর পেয়েই আবু সায়েমের বাড়িতে পুলিশ উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও লালসালু উদ্ধার করা হয়। এরপর শুরু হয় হামলাকারীকে ধরতে অভিযান। বুধবার ভোর ৪টার দিকে রাজিব সরকারকে গ্রেপ্তার করা হয়।