সিসি ডেস্ক: খুলনায় সিটি পলিটেকনিকের দুই ছাত্রকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার কাছে হিরো কাজীর চার তলা ভবনের একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। গুরুতর আহত ওই দুই ছাত্রকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মিথুন (১৮) ও প্রান্ত (১৯)।
মহানগরীর খালিশপুর থানার এস আই তৌহিদ জানান, সেহরির পর ওই এলাকা থেকে তাদের গলাকাটা অবস্থায় পাওয়া যায়। পরে মেসের অন্যান্য সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করায়।
তিনি আরও বলেন, ভবনের ওই কক্ষে তিনজন থাকত। অন্যজনকে পাওয়া যাচ্ছে না।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে প্রান্তর গলার আঘাত একটু বেশি। ঘটনার কারণ অনুসন্ধানে তৎপর রয়েছে পুলিশ। ওই কক্ষে ৩ জনের মধ্যে একজন দু’দিন আগেই ছুটি পেয়ে গ্রামে চলে গেছে। তারপর থেকে এই কক্ষে অপর দু’জন থাকত।
খালিশপুরের সিটি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, আহতরা তার প্রতিষ্ঠানের ছাত্র।