চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় শিক্ষক মো. আফসার আলী জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শুভ এন্টারপ্রাইজ দিনাজপুরে আসার পথে আমতলী নামক স্থানে একটি নসিমনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন।
দুর্ঘটনা কবলিত বাসটি সড়কে আড়াআড়িভাবে পড়ে থাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল বলেও জানান তিনি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।