দিনাজপুর প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রভাষক মঞ্জুরুল ইসলাম অবিলম্বে শিক্ষকদের নতুন পে-স্কেলের অন্তভূক্ত করার দাবী জানিয়ে বলেছেন, বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবহেলিত এবং বঞ্চিত রেখে কোনদিনই শিক্ষারমান উন্নয়ন সম্ভব নয়।
তিনি রোববার (১২ জুলাই) বিকেলে দিনাজপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও সেলিম ভূঁইয়া মুক্তি পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক অংশগ্রহণ করেন।
অধ্যাপক মঞ্জরুল ইসলাম আরো গণতন্ত্র ফিরিয়ে দিয়ে দেশে আইনের শাসন কায়েম ও ঈদের আগেই আটক শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবী জানান। অন্যথায় শিক্ষক সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে। আলোচনা সভায় অন্যান্য শিক্ষকরা অভিযোগ করেন, ঈদের আর মাত্র কয়দিন বাকী অথচ এখন পর্যন্ত বেতন-বোনাস পায়নি। তাদের ছেলে-মেয়েদের ঈদের পোষাকও ক্রয় করা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক জিয়া, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মিজানুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ফজলুল করিম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার আহবায়ক আশরাফুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আতাউর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ রকনুজ্জামান, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান, কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারন সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা মুনাজাত করা হয়। ইফতার মাহফিলে ১৩টি উপজেলা থেকে শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন।