নীলফামারী : নীলফামারী ডিমলা উপজেলায় সোমবার দুপুরে ছাত্রলীগের সঙ্গে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা শিবিরের সভাপতি অপিয়ার রহমানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছাত্রলীগের চার নেতাকর্মীকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডিমলা উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে টহল জোড়দার করা হয়েছে। জামায়াত শিবিরে একটি আনন্দ মিছিল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলাকে কেন্দ্র করে এ ঘটনা সৃষ্টি হয়েছে বলে ছাত্রলীগ অভিযোগ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় গত ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে হামলার মামলার আসামী হিসাবে চলতি বছরের ৪ মে রাতে ডিমলা উপজেলা জামায়েতের আমীর নাউতারা নিজপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারকে পুলিশ গ্রেপ্তার করে। আব্দুস সাত্তার দুই মাস নয়দিন পর সোমবার আদালত থেকে জামিনে মুক্ত হন।
এলাকাবাসী জানায় জামায়েতের আমীর মুক্তি পাওয়ায় সোমবার দুপুরে ডিমলা উপজেলার নিজপাড়া মাদ্রাসা সংলগ্ন ঠুটার বাজার এলাকায় ছাত্র শিবির একটি আনন্দ মিছিল বের করে। এ সময় ওই মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানী মুলক শ্লোগান দিয়ে ঠুটার ডাঙ্গা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে শিবিরকর্মীরা।
ডিমলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় অভিযোগ করে বলেন, গত পাঁচ জানুয়ারীর নির্বাচনী সহিংসতার মামলার আসামী উপজেলা জামায়াতের আমীর আব্দুস ছাত্তার গত রবিবার (১২ জুলাই) জামিনে মুক্ত হয়ে সোমবার দুপুরে ডিমলা উপজেলা সদরের নিজপাড়া ঠুটারবাজারে আনন্দ মিছিল বের করে। এ সময় তারা ছাত্রলীগের ঠুটার বাজার শাখার নেতাবর্মীদের ধাওয়া করে। খবর পেয়ে তাদের উদ্ধারের ছাত্রলীগের নেতা কর্মীরা ছুটে গেলে তাদের উপরও হামলা চালায় জামায়াত শিবির। এ সময় উভয়পক্ষের ৫ জন আহত হয়। এতে ছাত্রলীগের সাইফুল ইসলাম (২৫) ফরিদুল ইসলাম (২৩) মাসুদ রানা (২৪) ও ফারুক হোসেন তরুন (২২) সহ চারজন নেতা কর্মী গুরুতর আহত হয়। তাদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলা জামায়াতের আমীর আব্দুস ছাত্তার বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি সহ ছয়জন গত রবিবার ইফতারের পর নীলফামারী জেলা কারাগার থেকে বের হই। সোমবার দুপুরে সেখানে কোনো আনন্দ মিছিল বের করা হয়নি। প্রকৃত ঘটনা হলো উপজেলা শিবিরের সভাপতি অপিয়ার রহমান ঠুটার বাজারের একটি সেলুনে চুল কাটছিলো। এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
পুলিশ জানায়, উপজেলা শিবির সভাপতি অপিয়ার রহমান ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে খালিশাচাপানি ব্যাপারীটোলা দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় ওই কেন্দ্রে একজন নিহত হন। ওই মামলার আসামী অপিয়ার রহমান দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
এ ব্যাপারে নিজপাড়া ঠুটারবাজার ছাত্রলীগের সহ সভাপতি ফরিদুল ইসলাম বাদী হয়ে ১৮জন নামীয় ও অজ্ঞাত ৩০/৪০জনকে আসামী করে ডিমলা থানায় অভিযোগ দাখিল করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান বলেন, ঠুটার বাজার এলাকায় শিবির মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনী সহিসতার মামলার এজাহার নামীয় পলাতক আসামী অপিয়ার রহমানকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রেপ্তার করে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে টহল জোড়দার করা হয়েছে। ছাত্রলীগের পক্ষে অভিযোগ পাওয়া গেলেও জামায়াত শিবিরের পক্ষে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে ওসি জানান।