রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ অঞ্চলকে দুর্ভিক্ষ আর মঙ্গামুক্ত করে দিয়েছে। এছাড়া এ অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকা থেকে রংপুর জেলা প্রশাসকের সভা কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রংপুর শহরের ৪ লেন বিশিষ্ট সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
প্রধানমন্ত্রী বলেন, রংপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, পল্লী উন্নয়ন একাডেমি, মেরিন একাডেমি, আইটি ভিলেজ স্থাপনসহ কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে আওয়ামী লীগ সরকার।
এছাড়া রংপুরবাসীর পাশে থেকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, স্থানীয় সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, রংপুর রেঞ্জের ডিআইজি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক জলিল, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।