পঞ্চগড়: পঞ্চগড়ে ১৪০টি নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও দুই বোতল ফেনসিডিলসহ পঞ্চগড় জেলা কারাগারের এক রক্ষী ও অপর একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দেওয়ানহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জেলা কারাগারের রক্ষী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোয়ালেরদারা এলাকার আবুল হোসেন ওরফে আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (২৮) এবং পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বংশিধার এলাকার সোলেমান হকের ছেলে সাদ্দাম হোসেন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দেওয়ানহাট এলাকার একটি রাস্তায় সাদ্দাম হোসেন বাইসাকেল যোগে প্লাস্টিকের ব্যাগে করে ১৪০টি নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও দুই বোতল ফেনসিডিল নিয়ে আসে। কারারক্ষী বেলাল হেসেন মোটরসাইকেল নিয়ে ওই মাদক নিতে সেখানে আসেন।
মাদক দেওয়া-নেওয়ার সময় তাদের হাতে-নাতে আটক করে পুলিশ। এ সময় কারারক্ষী বেলাল হোসেন পুলিশ সদস্য সফিকের হাতে কামড় দিলে তিনি সামান্য আহত হন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোহসে উল গণি বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।