ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চার যাত্রী মারা যান। এ ঘটনায় আহত পিকআপভ্যানের আরেক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।