সিসি ডেস্ক: বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদের মেম্বর বিএনপি নেতা নান্টু বেপারীকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাটিয়ালা বাজারের অদূরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নান্টু বেপারী উপজেলার ধূলখোলা ইউনিয়ন পরিষদের মেম্বর এবং একই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত ডাকাত একই এলাকার বাসিন্দা জলিল রাঢ়ী এবং কামাল জমাদ্দার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, খেয়া নৌকায় করে বাড়ি থেকে মাটিয়ালা বাজারে যাচ্ছিলেন নান্টু মেম্বর। পথিমধ্যে কুখ্যাত ডাকাত রতন রাঢ়ী তার ছেলে লিটন রাঢ়ী ও সহযোগিরা মিলে তাকে নিয়ে যায়। পরে সাইক্লোনশেল্টারের সামনে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহ্তাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত ডাক্তার শাহ সেকান্দার তুহিন রাত সাড়ে ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বোবা রতনের সাথে আগে থেকেই বিরোধ ছিল নান্টু মেম্বরের। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বোবা রতনের বিরুদ্ধে ৮টির বেশি ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।