রংপুর: রংপুর থেকে অপহৃত মা মাহফুজা বেগম ও তার শিশুকন্যা জেরিনকে দীর্ঘ আড়াই বছর পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার দুপুর ১২টায় রংপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর বিভাগীয় পিবিআইয়ের পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর।
তিনি জানান, ২০১৩ সালের ৩ এপ্রিল গুম হয় কাউনিয়ার সাহাবাজ এলাকার মাহফুজা বেগম ও তার ছয় বছরের মেয়ে জেরিন। এ ঘটনায় মাহফুজার ভাই জহুরুল হক কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এক বছর আট মাস তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত রিপোর্ট দেয়। ২০১৫ সালের ২৫ জুন আদালত পুনরায় মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে পাঠালে পিবিআই দীর্ঘ অভিযান চালিয়ে রবিবার সন্ধায় মা মেয়েকে অক্ষত অবস্থায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে। এ ঘটনায় মাহফুজা বেগমের স্বামী মনিরুজ্জামানকে আটক করেছে পিবিআই। তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার অভিযান পরিচালনা করার সময় ওই বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। তবে কী কারণে কারা তাদের অপহরণ করে আটক করে রেখেছিল, সে ব্যাপারে অপহৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে রংপুর জেলা পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।