গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বিপ্লব (২৮) নামে এক যুবককে আটক করেছে।
বুধবার রাতে টঙ্গীর জাবেদ অ্যান্ড জোবায়ের কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- সাইফুল ইসলাম (৩০)। তিনি ওই কারখানার সুয়িং বিভাগের ফ্লোর ইনচার্জ ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল রাতে কারখানা থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী হাসপাতালের চিকিৎসক মো. মামুন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
টঙ্গী থানার এসআই মো. জুবায়ের মৃধা জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।এ ঘটনায় বিপ্লব নামে এক জনকে আটক করা হয়েছে।