সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১১ মাস বয়সী শিশু তানভিন হাসানকে হত্যার অভিযোগে তার মা রুবিয়া খাতুনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের শ্যামপুরে একটি স্যুটকেসের ভিতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রতনকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান তালকুদার জানান, তানভিনের বাবা সাইদুল ইসলাম ঢাকায় চাকরি করেন। রুবিয়া তার শিশু সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। রবিবার গভীর রাতে শিশুর কান্না থামাতে শ্বাশুড়ি পুত্রবধূকে বলে। এরপর শিশুর আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।
সোমবার সকালে তানভিনের খোঁজ করলে রুবিয়া বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা পথিমধ্যে তাকে আটক করে। পরে ঘরের ভিতর খোঁজাখুঁজি করে স্যুটকেসের মধ্যে থেকে শিশুটির লাশ উদ্ধার হয়।
সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃতদেহ সুটকেসের মধ্যে ছিল। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মা রুবিয়া খাতুনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, স্বজনরা রুবিনাকে মানসিক ভারসাম্যহীন দাবি করছে। কিন্ত সে মানসিক ভারসাম্যহীন কিনা তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।