সিসি নিউজ, ৭ জানুয়ারী: ফুটবলের উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ে বেশী বেশী খেলার আয়োজন করতে আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ’র (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। আর এ জন্য বিএফএফ’র পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন তিনি।
আর বিএফএফ-এর বর্তমান নেতৃত্বের হাত ধরে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সংষ্কৃতি মন্ত্রী ও স্থানীয় এমপি আসাদুজ্জামান নুর।
আজ রোববার দুপুরে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কর্তৃক প্রদেয় মিনি আর্টিফিসিয়াল টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিএফএফ-এর সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি , তাবিথ আউয়াল, সদস্য আমিরুল ইসলাম বাবু, বাংলাদেশ মহিলা ফুটবল ফেডারেশনের সভাপতি মাহফুজা আক্তার কিরন ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন উপস্থিত ছিলেন।