সিসি ডেস্ক, ২৭ নভেম্বর।। কুষ্টিয়ার মিরপুরে এক মাদক নিরাময় কেন্দ্রে কামরুজ্জামান ইমন নামে কলেজছাত্র হত্যার অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। একই সাথে ওই প্রতিষ্ঠান সীলগালা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক ও সমর্পণ মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করা হয়।
গত ২০ নভেম্বর কুষ্টিয়ার বিজিবি সেক্টরের সামনে সমর্পণ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। সমর্পণ কর্তৃপক্ষ ওই কলেজ ছাত্রের মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়ায় হয়েছে দাবি করলেও পরে ওই প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজে দেখা যায় ইমনকে পেটানো হচ্ছে।একই সাথে শরীরে পুশ করা হয় ইনজেকশন।
গণমাধ্যম ও ফেসবুকে ওই ফুটেজ ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। মিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ওই অভিযানে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মতিন ও তত্ত্বাবধায়ক হাবিব উদ্দিনকে আটক করে। একই সাথে ওই প্রতিষ্ঠান সিলগালা করে সেখানে চিকিৎসাধীন রোগীদের হস্তান্তর করা হয় তাদের পরিবারের সদস্যদের কাছে।এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আজীজুল হক ও মিরপুর থানার ওসি আবুল কালাম উপস্থিত ছিলেন।
নিহত কলেজ ছাত্র ইমন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুল গ্রামের এজাজুল আজীমের ছেলে।