চিরিরবন্দরে কৃত্রিম জলাবদ্ধতায় ধানক্ষেতে কোমর পানি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে যত্রতত্র পুকুর খনন করার ফলে কৃত্রিম জলাবদ্ধতার কারণে ২০ একর জমির পাকা ধান ক্ষেতে এখন কোমর পানি। কয়েক সপ্তাহ আগে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে এ অঞ্চলে। কিন্তু শীতের শুষ্ক মৌসুমেও যেন জলাবদ্ধতা কমছে না চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামের ডাবুরীর পাড় এলাকায়।
কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকের এখন পাকা ধান কেটে ঘরে তুলতে দুর্বিসহ অবস্থা তৈরী হয়েছে। জলবদ্ধতার কারনে প্রায় কোমর পানিতে নেমে কাটতে হচ্ছে ধান। সেইসঙ্গে শ্রমিক সংকট চিন্তার ভাঁজ বাড়িয়েছে কৃষকদের কপালে। ফলে শেষ মুহূর্তে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় চাষিরা।
ডাবুরীর পাড় এলাকার কৃষক আব্দুল খালেক ও আব্দুল রাজ্জাক বলেন, এ বছর আমরা ৭ বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। বর্ষার অতিরিক্ত পানির ফলে প্রতিবারে আমাদের এখানে ধান লাগাতে একটু দেরি হয়। তবে এখানে ধানের ফলনও ভালো হয়। কিন্তু বিগত ৩ বছর থেকে বাধ সাধে কৃত্রিম জলাবদ্ধতা। এদিকে যত্রতত্র ভাবে প্রায় ৬ একর জমিতে পুকুর খনন করার পানি যাওয়ার একমাত্র ড্রেনটি বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টির পানি খাল দিয়ে নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সব ধান এখন পানির নিচে থাকায় একমুঠো ধান কেটে বাড়ি তুলতে পারি নাই।
নশরতপুর গ্রামের কৃষক কোনাসু, প্রফুল্ল, আব্দুল মামুদসহ আরো অনেকে বলেন, তারা সবাই এখানে আমন ধানের চাষাবাদ করেন। জমির পাকা ধান পানির নিচে ডুবে থাকায় ধান গাছে গোড়া পচন ধরতে শুরু করেছে। পানি বের করে দিতে না পারলে এই ধান অধিক মজুরি দিয়ে আমাদের ঘরে তুলতে হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোমর পানিতে নেমে ধান কাটছেন কৃষক আব্দুল খালেক। তিনি জানান, এই ফসলের ওপর নির্ভর করে তার সারা বছরের খোরাক। খোরাকের পর যে ধান থাকে সেগুলো বিক্রি করে চালান সংসার। ‘কিন্তু পাকা ধান এভাবে কোমর পানিতে ডুবে থাকায় দুচিন্তা যেন বেড়েই যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, চিরিরবন্দর উপজেলা উঁচু এলাকা । শীতকালে অধিংকাশ জমিতে সবজি চাষবাদ হয়। আমান ধান কেটে সবাই জমিতে শুকিয়ে তারপরে ঘরে তুলে। কিন্তু এই শুষ্ক মৌসুমে পাকা ধান কোমর পানিতে নেমে কাটতে হচ্ছে এটা আসলে খুবই দু:খজনক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান জানান, সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।


Posted

in

by