সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কলেজের দেয়াল ধসে ফারহান হোসেন (১১) নামে শিশু গুরুতর আহত হয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে ওই দূর্ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি অর্থোপেডিক সার্জন ডাঃ মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে রয়েছেন।
ফারহান হোসেন কলেজ সংলগ্ন পুরাতন মুন্সিপাড়ার ঢাকাইয়া পট্টির নিসার হোসেনের ছেলে। সে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। সে তাঁর সমবয়সীদের সাথে কলেজের দেওয়ালের কাছে লুকোচুরি খেলছিল।
প্রত্যক্ষদর্শী পান দোকানদার আসলাম জানান, রাত সাড়ে আটটার দিকে শিশুটির চিৎকার ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে দেখতে পাই কলেজের ফটকের সাথে একটি দেওয়াল ভেঙ্গে শিশুটির পায়ের উপরে পড়ে আছে। কয়েকজন মিলে দেওয়ালের ভাঙ্গা অংশ সরিয়ে তাকে উদ্ধার করি এবং পাশেই অর্থোপেডিক সার্জন ডাঃ মো. আব্দুর রহিমের কাছে নিয়ে যাই।
সৈয়দপুর ১০ শয্যা হাসপাতালের চিকিৎসক অর্থোপেডিক সার্জন ডা: আব্দুর রহিম বলেন, শিশুটির ডান পায়ের হাঁটুর উপরের অংশ ভেঙ্গে গেছে। বিষয়টি সঠিকভাবে নিরুপনের জন্য এক্সরে করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্সরে রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী জানান, ঘটনাটি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।