সিসি নিউজ।। নীলফামারী জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. মোকবুল হোসেন। তিনি বর্তমানে দিনাজপুর জেলা পুলিশ সুপার (পিবিআই) হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি (রোববার, ২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
মোকবুল হোসেন ২৫তম বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ২০০৭ সালে নওগাঁ জেলা (শিক্ষানবিশ), ২০০৮ সালে ঢাকার স্পেশাল ব্রাঞ্চ, একই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ, ২০০৯ সালে রাঙ্গামাটিতে ৫ম এপিবিএন, একই বছর নাটোর জেলার সদর সার্কেল, ২০০৯-১০ সালে ঢাকা সিটি এসবি, ২০১০ সালে দিনাজপুর জেলার সদর সার্কেল, ২০১০-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১১ সালে জয়পুরহাট জেলা সদরের এএসপি, ২০১২-১৩ সালে বগুড়া সদর সার্কেল হিসেবে কর্মরত ছিলেন।
২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে লালমনিরহাট জেলা; ২০১৩-১৪ সালে র্যাব, ২০১৪-২০১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আইভরিকোষ্ট), ২০১৫-১৬ সালে র্যাব; ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়াটার্স, ২০১৭-২০ সালে ওই পদে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেন দিনাজপুর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।
এসপি মো. মোকবুল হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থবিদ্যা) ডিগ্রি অর্জন করেন। চৌকস এই কর্মকর্তা বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ছিলেন।
তিনি রাজশাহীর পুঠিয়া পৌরসভার গোপালহাটিতে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন মোল্লা ও মাতা মোছা. আমেনা বেওয়া। মো. মোকবুল হোসেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।