সিসি নিউজ।। নীলফামারীতে ‘হিমোগ্লোবিন’ নামে রক্ত দাতা ও গ্রহিতাদের ডিজিটাল প্লাটফর্মের উদ্বোধন হয়েছে। ‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শ্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল প্লাটফর্মটির কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় বক্তৃতা দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘মূলত রক্তের তথ্য সংরক্ষণ ও আপডেট করা, দ্রুততম সময়ে রক্তদাতা খুঁেজ দেয়া, স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো, সমন্বিত প্লাটফর্ম গড়ে তোলা ও নিয়মিত রক্তদাতাদের স্বীকৃতি প্রদানের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। রক্তের তথ্য সংরক্ষণের একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হচ্ছে এই ‘হিমোগ্লোবিন’।
জেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, উদ্বোধনী দিনে শতাধিক রক্তদাতা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। www.hemoglobin-nil.com ওয়েবসাইটে গিয়ে জন্ম তারিখ, মোবাইল নাম্বর, পিতা ও মাতার নাম, ব্লাড গ্রুপ উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।