• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত লিমন জেলার আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার বিকেলে সাংবাদিকদের  জানান, লিমন  জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করত।

আজ সকালে খামারে কাজ শেষ করে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিল লিমন হোসেন।

এ অবস্থায় উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় পৌঁছিলে  চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে রেললাইনের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অসাবধানতাবশত কানে হেডফোন দিয়ে হাঁটার সময় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় সে দুর্ঘটনার কবলে পড়ে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুপুরে বিনা ময়নাতদন্তে মরদেহ লিমনের স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ