সিসি নিউজ।। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বুধবার দুপুরে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ আয়োজন করে ওই কর্মসূচির।
এসময় পস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম, উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েলুর রহমান প্রমুখ।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ জানান, আগামী এক বছরে জেলার আঞ্চলিক ও মহাসড়কের ধারে ফলদ, বনজ ও ঔষুধী প্রজাতির তিন হাজার গাছের চারা রোপণ করা হবে। তারই অংশ হিসেবে নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের ধারে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হলো। ওই কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে জেলার নদী-নালা, কাল বিল ও সড়কের পাড়সহ পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে’।