
সিসি নিউজ।। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-২২০) নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মন্তব্য, চাঁদাবাজী এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই কর্মসূচি পালন করে নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-৩৪৪৬)।
এসময় বক্তব্য দেন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা মানিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং সড়ক পরিবহন মালিক গ্রুপের অর্থ সম্পাদক আবু তাহের প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জেলার সৈয়দপুর ভিত্তিক একটি সংগঠন। দীর্ঘ ৪৮ বছর ধরে জেলার পরিবহন খাতে অবৈধ প্রভাব বিস্তার করে আসছে। দীঘদিন ধরে তারা বিভিন্নভাবে জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক ও শ্রমিকদের হয়রানি ও নির্যাতন করে আসছে। তাদের এমন নৈরাজ্য বন্ধ এবং মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়েছে। এতে স্বার্থহানী হওয়ায় নতুন এই সংগঠনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।