সিসি নিউজ।। নীলফামারীতে সুজন ইসলাম (৩৪) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। তাকে আদালতে নেওয়ার সময়ে তার স্বজন ও স্থানীয়রা মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মুলফটকে হট্টগোল করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূলফটকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন ইসলামকে সৈয়দপুর শহর থেকে গ্রেপ্তার করেন। আজ শনিবার দুপুরের দিকে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মুলফটকে তার স্বজন ও স্থানীয়রা তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে পুলিশের কাজে বাধা প্রদান করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করেন। এখন পর্যন্ত আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ডিবিতে ডিমলা থানা এলাকার এক আসামি ছিলো, আসামিকে আদালতে নেওয়ার সময়ে তারা হট্টগোল করে এবং পুলিশের কাজে বাধা প্রদান করেন। এসময়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) এবিএম ফয়জুল ইসলাম বলেন, একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
সুজনের স্বজনদের দাবি, তাঁকে মাদক মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁর মুক্তির দাবি জানান। প্রসঙ্গত, পুলিশের তথ্য অনুযায়ী ডিমলার পূর্ব দোহলপাড়া এলাকার সুজন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। নথিতে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় করা মামলার তথ্য উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে।