• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জার কাজ

সিসি নিউজ।। রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে কাল মঙ্গলবার (২০ অক্টোবর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে প্রধানমন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সড়ক পথে রংপুরে পৌছাবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে বিমানবন্দর সড়কের সাজসজ্জার কাজ।

সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। সড়ক ও সড়কের উভয় পাশে রং করে সাজানো হচ্ছে। ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯ টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এরপর প্রধানমন্ত্রী সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেবেন। বেলা ১১ টার দিকে তিনি রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। এরপর তিনি আবার সৈয়দপুর বিমানবন্দর ফিরে রাজশাহী এবং রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সফর সূচীতে উল্লেখ রয়েছে।

রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকাল ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে রংপুরে যাবেন। তিনি সেখানে গিয়ে দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে এসে রাজশাহীর উদ্দেশ্য যাত্রা করবেন। এ উপলক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাব।

এবিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর যাচ্ছেন। তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়ক পথে রংপুরে যাবেন ৷ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা উচ্ছ্বসিত। সেইসঙ্গে বরন করে নিতে আমরা প্রস্তুত।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, আমরা সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করব।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং এবং ডিভাইডার মেরামত করছি। এছাড়া যেগুলো ময়লার স্তূপ রয়েছে সেখানে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ