ঢাকা : মহিলা নেত্রীদের পদচারণায় সরব হয়ে উঠেছে জাতীয় পার্টির বনানী কার্যালয়। দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে নেত্রীদের পদচারণায় এখন সরব।
শুক্রবার দুপুর থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মহিলা নেত্রীরা ফরম সংগ্রহ করছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত ১৬টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের ফি রাখা হচ্ছে পাঁচ হাজার টাকা।
এখনো পর্যন্ত ফরম সংগ্রহ করেছেন জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার, মিনি খান, ঢাকা মহানগর উত্তর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ডা. সেলিমা খান, সিলেট জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা হেনা বেগম, ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় মহিলা পার্টির সভানেত্রী মনোয়ারা তাহের, পঞ্চগড় জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সাইমা শাহনাজ প্রমুখ।
শুক্রবার এবং শনিবার মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ এবং জমা দিতে পারবেন। আগামী রোববার তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাদের সাক্ষাৎকার নিবেন।