বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ

আপডেট :
নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা

সিসি নিউজ।। বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। এদিকে শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাঁদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান শ্রমিকেরা।
আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’
শ্রমিক আঁখি বানু অভিযোগ করে বলেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেওয়া হয়েছে। এরপর শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।
তিনি আরও বলেন, কোম্পানিতে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.