নিউজ ডেস্ক: হুমায়ুন আহমেদ নেই কিন্তু তাঁর কৃতকর্ম আছে। এই প্রয়াত কিংবদন্তীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত করলো সরকার। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে ২০১২ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রয়াত হুমায়ুন আহমেদের নাম ঘোষণা করা হয়। ‘ঘেটুপুত্র কমলা’র জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন। এছাড়া আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন খলিল উল্লাহ খান।
২০১২ সালের সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে শাকিব খানের নাম। ‘খোদার পরে মা’ চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। ছবিটি পরিচালনা করেছেন শাহিন ও সুমন।
এদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি ঘরে তুলছেন জয়া আহসান। শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ চলচ্চিত্রটি এবার সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে ফরিদুর রেজা সাগর।
পুরস্কার পাওয়া প্রসঙ্গে শাহনেওয়াজ কাকলী আইপোর্ট নিউজকে বলেন, নিঃসন্দেহে এটি একটি বিশাল ব্যাপার। যদিও পুরস্কারের জন্য কাজটি করিনি। নিজের ভালো লাগা আর ভাওয়াইয়া গানের ঐতিহ্যকে তুলে ধরার জন্যই ছবিটি নির্মাণ করা।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন, এ টি এম শামসুজ্জামান (চোরাবালি), পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ (উত্তরের সুর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মামুন (ঘেটুপুত্র কমলা), শিশুশিল্পী ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার মেঘলা (উত্তরের সুর), শ্রেষ্ঠ কাহিনীকার শাহনেওয়াজ কাকলী (উত্তরের সুর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রেদওয়ান রনি (চোরাবালি), শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (পিতা)।
শ্রেষ্ঠ গীতিকার মিল্টন খন্দকার (খোদার পরে মা), শ্রেষ্ঠ গায়ক পলাশ (খোদার পরে মা), শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শব্দ গ্রাহক রিপন নাথ (চোরাবালি), শ্রেষ্ঠ সম্পাদক ছলিম উল্লাহ ছলি (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শিল্পনির্দেশক কলমতর ও উত্তম গুহ (রাজা সূর্য খাঁ), শ্রেষ্ঠ মেকাপম্যান খলিলুর রহমান (ঘেটুপুত্র কমলা) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা মাঈনুদ্দিন ফুয়াদ (ঘেটুপুত্র কমলা)।