ডোমার (নীলফামারী) প্রতিনিধি: জিম্মি করে অর্থ আদায় করা হচ্ছে নীলফামারীর ডোমার উপজেলার শহীদ স্মৃতি মডেল প্রাথমিক বিদ্যালয়ে। অনেকটা নিরুপায় হয়েই অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের চাহিদা পূরণ করে সংগ্রহ করছেন প্রশংসা পত্র অথবা ভর্তি ফরম।
আর্থিক সংকটে থাকা সেখানকার শিক্ষার্থীদের অভিভাবকরা প্রতিকার চেয়েও কোন ফল পাননি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে বরং অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বলে বিষয়টি উড়িয়ে দেয়া হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, অধিকাংশদের নিকট থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের প্রশংসা বাবদ দুইশত এবং বিভিন্ন শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট থেকে ফরম বাবদ পচিশঁ টাকা করে নেয়া হচ্ছে।
ডোমার পৌরসভার ছয় নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার অভিভাবক আজহারুল ইসলাম(৪০) জানান, প্রশংসাপত্রের জন্য আমরা দশ/বারো জন বিদ্যালয়ে উপস্থিত হলে জনপ্রতি দুইশত টাকা করে আদায় করেন স্কুল কর্তৃপক্ষ। একই অভিযোগ করে ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের অভিভাবক শামীম ইসলাম জানান, স্কুলের সভাপতি আমার কাছ থেকে ১শ টাকা নিয়েছেন। তিনি বলেন, আমার সামনেই অন্যদের নিকট দুইশ টাকা করে নেয়া হয়েছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ডোমার পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক জানান, অভিভাবকদের নিকট থেকে দুইশ করে টাকা নেওয়ার বিষয়টি আমি প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছিলাম কিন্তু প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি নিলে আমি কি করব ।
তবে সাংবাদিকদের কাছে প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী প্রশংসা পত্র অথবা ভর্তি ফরম দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। এ রকম কোন ঘটনা নেই বলে মন্তব্য করেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ে জিম্মি করে অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাজাহান জানান, কিছু অভিভাবক অভিযোগ করেছিলেন কিন্তু বিদ্যালয়ে গিয়ে অভিযোগগুলোর কোন সত্যতা পাওয়া যায় নি।
স্কুল সুত্র জানায়, ২০১৩সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৯৫জন শিক্ষার্থী পাশ করে বিদ্যালয়টি থেকে আর প্রায় ১শ জন ভর্তির জন্য ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন শ্রেণীতে।