সিসি ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফতরিক কাজের সুবিধার্থে অফিস দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই তার বিশেষ দূতের জন্য সরকারি অফিস বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এরশাদ মধ্যপ্রাচ্যবিষয়ক কূটনৈতিক তৎপরতায় ভূমিকা রাখবেন। এরশাদের এতে সম্মতিও রয়েছে। সূত্রমতে, হুসেইন মুহম্মদ এরশাদ সংসদ সচিবালয়ে একটি অফিস পাচ্ছেন খুব শীঘ্রই। এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার জন্য একটি আলাদা অফিস বরাদ্দের বিষয়ে ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এরশাদ মূলত মধ্যপ্রাচ্যবিষয়ক কূটনৈতিক তৎপরতায় ভূমিকা রাখবেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে এরশাদের ব্যক্তিগত পর্যায়ে সুসম্পর্ক রয়েছে। এ কারণেই প্রধানমন্ত্রী তাকে বর্তমান সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের নানামুখী সম্পর্কোন্নয়ন ও জটিলতা নিরসনে কাজে লাগাতে চান। আর এরশাদও এতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় জানান, শুনেছি স্যারের (এরশাদ) জন্য অফিস খোঁজা হচ্ছে।