ঢাকা: ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, জঙ্গি সংগঠন শিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারের জন্য মেধাবী ছাত্র ও প্রগতিশীল ছাত্র সংগঠন নেতাদের হত্যার কর্মসূচি পালন করছে। এটি একাত্তরের বুদ্ধিজীবী নিধনেরই ধারাবাহিকতা। তাই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানেই শিবির ক্যাডারদের দেখা যাবে, সেখানেই গণধোলাই দিতে হবে।
তিনি শনিবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের টিভি কক্ষে শিবির ক্যাডারদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা ফারুক স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ফারুক হোসেন হিটলু, ফারহান আহম্মেদ, জয়দেব নন্দী, ইমাউল হক সরকার টিটু, নাঈম হাসান, আবদুর রহমান জীবন, শওকতুল ইসলাম, শিহাবুজ্জামান শিহাব, আনিসুর রহমান আনিস, ওমর শরীফ, আনিস-উজ-জামান রানা, এফ এম শরিফুল ইসলাম ও এস এম সিরাজুল ইসলাম।