শাহিনুর রহমান সোহাগ, হিলি: দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থল বন্দর দিয়ে আজ সোমবার থেকে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারত অভ্যন্তরে রাস্তা সংস্কারের কারনে আগামি শুক্রবার পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানান হিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন।
উত্তরাঞ্চলের প্রান কেন্দ্র হিলি স্থল বন্দরের আমদানি-রফতানি ব্যবসায় আরো গতিশীলতা আনায়নের জন্য ভারত সরকার হিলি স্থল বন্দর পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। ভারত হিলি থেকে বাংলাহিলির আমদানি-রফতানির জন্য একটি মাত্র রাস্তা হওয়ায় এবং ভারি যানবহন চলাচলের কারনে ভারত অভ্যন্তরের রাস্তাটি ভেঙ্গে খানা-খন্দকে পরিনত হয়। আর এ কারনে সে দেশের রাজ্য সরকার রাস্তটি প্রশস্ত ও মেরামতের কাজ শুরু করায় এবং বিকল্প কোন রাস্তা না থাকায় এ বন্দর দিয়ে আজ সোমবার থেকে সব ধরনের আমদানী বন্ধ রয়েছে।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারত অভ্যন্তরে আধা কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার থেকে যথারীতি বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে।