ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেড ইউনিয়ন- সিবিএ’র ১৭ নেতার দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রীয়তাকে কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হা্ইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে সিভিল এভিএশনের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, এনবিআর এর চেয়ারম্যান, সিভিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল বিশ্বজিৎ রায়। মনজিল মোরসেদ বলেন, দুদক আইন ২০০৪ এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী, দুর্নীতির ব্যাপারে তদন্ত, অনুসন্ধান, সমন জারি এবং তথ্য প্রদানের জন্য নির্দেশনা দিতে পারে দুদক।
এ আইনের ১৯(৩) ধারা অনুসারে নির্দেশনা অমান্যকারীর সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিমানের সিবিএ এর ১৭ নেতার দুর্নীতির তদন্তের জন্য দুদক গত ২৬ জানুয়ারি হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করে। কিন্তু তারা হাজির হয়নি বলে জানান তিনি। গত ২ ফেব্রুয়ারি জনস্বার্থে আদালতে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।