নওগাঁ প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে নওগাঁ সদরসহ ৬টি উপজেলায় ২৬ জন উপজেলা চেয়ারম্যান, ২০ ভাইস চেয়ারম্যান ও ১৬ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। বুধবার সকাল ১১ টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম প্রার্থীদের মাঝে পৃথক পৃথক ভাবে উপজেলাওয়ারী প্রতিক বরাদ্দ দেন। এসময় নওগাঁ সদর, বদলগাছী, আত্রাই, পত্নীতলা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারী নওগাঁ সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ৪১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী স্ব স্ব উপজেলার সহকারী রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। গত ১১ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।