জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ৩ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। এ ব্যাপারে জলঢাকা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কার্তিক মহন্ত জানান, বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মাথাভাঙ্গা এলাকার আরডিআরএস অফিস সংলগ্ন রাস্তায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রাশেদুন্নবী খোকন (২৭) ও হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার বংহুকরা গ্রামের হীরা মিয়ার ছেলে জান্নাত মিয়া (২০)। জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে দুজনকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পশ্চিম শিমুলবাড়ী মীরগঞ্জ ইউনিয়নের মতিয়ার রহমানের ছেলে জাকির হোসেন (২৫) কে গ্রেফতার করেছে জলঢাকা থানার এস.আই আব্দুর রহিম।