বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ঢাকায় চুরির ঘটনায় রংপুরের বদরগঞ্জে কাজের মেয়েসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগী (১২), শফিউল (৭২)। তাদের বাড়ী উপজেলার গোপালপুর ইউনিয়নের গোমস্তাপাড়া গ্রামে। বদরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করেছেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা মিরপুর ১২ এলাকার জনৈক্য এক ব্যক্তির বাড়ীতে গৃহকর্মীর কাজ করতেন কিশোরী সোহাগী। প্রায় ২১দিন পূর্বে ওই কিশোরী বাড়ীর কাউকে না বলে স্বর্ণলংকারসহ নগদ ১২ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই বাড়ীর মালিক গত ১৩ ফেব্রুয়ারী উত্তরা ডিএমপি থানায় একটি চুরির মামলা করেন। যাহার মামলা নং-২৭। ওই মামলার সুত্র ধরে শুক্রবার ভোরে রংপুর র্যাব-১৩ একটি দল অভিযান চালিয়ে গৃহকর্মী কিশোরী সোহাগীসহ বৃদ্ধা শফিউলকে তাদের বাড়ী হতে গ্রেপ্তার করে বদরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।
উল্লেখ্য উপজেলার গোপালপুর ইউনিয়নের গোমস্তাপাড়া গ্রামের ইয়াছিন আলীর কিশোরী মেয়ে সোহাগীকে গৃহকর্মীর কাজের জন্য একই গ্রামের শফিউলের মাধ্যমে ঢাকা মিরপুর ১২ এলাকার জনৈক্য এক ব্যক্তির বাড়ীতে তাকে রাখা হয়।
থানা চত্তরে কিশোরী সোহাগীর দাদি এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, ওই বাসার মালিকের স্ত্রী আমার নাতনী সোহাগীকে প্রায় সময় নির্যাতন করত। ওই নির্মম নির্যাতনের আঘাতের ক্ষত দাগ এখনো আমার নাতনীর শরীরে রয়েছে। এতে আমার নাতনী অসুস্থ হয়ে পড়লে, ওই বাসার মালিক শফিউলের মাধ্যমে আমার নাতনীকে বাড়ীতে পাঠিয়ে দেন।
বদরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, উত্তরা ডিএমপি থানার মামলার সুত্র ধরে র্যাব তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করা হলে,তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।