ঢাকা: রাজধানীর মিরপুর ভাষানটেক বস্তিতে দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি দুই তরুণীসহ জুয়েলকে (৩০) অপহরণ করে নিয়ে যায় মামুন বাহিনীর সন্ত্রাসীরা। ভাষানটেক বস্তিতে জুয়েলকে বেঁধে রেখে ওই দুই তরুণীকে তিন দিন ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিওচিত্রও ধারণ করে দুর্বৃত্তরা। তিন দিন পর ১৪ ফেব্রুয়ারি তাদের ছেড়ে দেওয়া হয়। ওই দিনই তারা বাদী হয়ে ভাষানটেক থানায় অভিযোগ দায়ের করেন। আজ পুলিশ ঘটনার শিকার দুই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) হোসনে আরা বেগম জানান, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, এ মামলায় লেংড়া বাদল (৩২), কুদ্দুস (৩১) এবং বাবুল (৩০) নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাইজিংবিডি