ঢাকা: রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ায় প্রেম প্রত্যাখ্যান করায় এক প্রেমিকাকে ছুরিকাঘাত করেছে প্রেমিক। গুরুতর আহত অবস্থায় সোনিয়া আক্তার নামের ওই প্রেমিকাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে গেণ্ডারিয়ার ডেল্টা ডায়াগনিষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র আহতের বড় বোন রীনা আক্তারের বরাত দিয়ে জানায়, সোনিয়া গেণ্ডারিয়ার ডেল্টা ডায়াগনষ্টিক সেন্টারে কাজ করেন। গত তিন বছর ধরে লিটন (২৫) নামের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনিয়ার। সম্প্রতি লিটন বিয়ে করে। বিয়ের ঘটনাটি জানতে পেরে সোনিয়া লিটনের সঙ্গে সর্ম্পকের বিচ্ছেদ ঘটায়। কিন্তু সোনিয়ার এ বিষয়টি লিটন মেনে নিতে পারেনি। লিটন সর্ম্পকের জন্য চাপ দিতে থাকলেও সোনিয়া ছিল তার সিদ্ধান্তে অনড়।
এক পর্যায়ে রোববার বিকেলে সোনিয়ার কর্মস্থল ওই ডায়াগনিষ্টিক সেন্টারে গিয়ে লিটন সোনিয়াকে তার সঙ্গে যেতে বলে। সোনিয়া লিটনকে বিয়ের বিষয়ে বললে লিটন তার কোমর থেকে ধারালো ছুরি বের করে সোনিয়ার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রীনা সোনিয়াকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
সোনিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। গেণ্ডারিয়া থানা পুলিশ জানায়, ঘটনাটি তাদের জানা নেই। তবে খোঁজ নেয়া হচ্ছে। সোনিয়ার বাবার নাম মো. ইউনুস আলী। সূত্রাপুরের রজনী চৌধুরী রোডের ১০/এ নম্বর বাড়িতে থাকেন।