ঢাকা: মুশফিকুর রহিমকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে বিসিবি ই-মেইল বার্তায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। অধিনায়ক হিসেবে মুশফিক থাকলেও তার ডেপুটি হিসেবে কে থাকবেন তা নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড। স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন।
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে বলেন, অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। আন্তর্জাতিক ইভেন্ট বিধায় এখানে অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা হয়েছে। সাথে সাথে মুমিনুল ও সাব্বির রহমান রুম্মনের মতো তরুণ ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া আরাফাত সানী নিজেকে প্রমাণ করেছেন। তবুও জায়গা হয়নি তার। এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, আরাফাত সানী ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছে। তার দলে জায়গা না হওয়াটা দূর্ভাগ্যজনক। কারণ আমাদেরকে দলের ভারসাম্য বজায় রাখতে হবে।
এদিকে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় বলেন, আমাদের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। তিনজন পেসারের সাথে একজন সিমিং অলরাউন্ডারও রয়েছে। তবুও আমাদের মূল শক্তি স্পিন। স্পিন আক্রমণের জন্যে সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী রয়েছে।
বাংলাদেশ স্কোয়াড :
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, শামসুর রহমান শুভ, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মতুর্জা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, সাব্বির রহমান রুম্মন।