বিনোদন ডেস্ক: যত গর্জন ততই যেন বর্ষণ। মুক্তির আগেই সুপারহিট বনে যাওয়া অগ্নি ছবিটি মুক্তির পর হুলস্থুল ফেলে দিয়েছে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে দেশীয় সিনেমার অতীতের সব রেকর্ড। ছবিটি মুক্তি পায় ঢাকাসহ সারাদেশের ৯২ টি সিনেমা হলে। প্রথম দিনেই অগ্নি ছবিটি ঘরে তুলেছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ১ কোটি ১৫ লক্ষ টাকা। যা ঢালিউডের ইতিহাসে এবারই প্রথম।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনা ব্যবস্থাপকএনামুল করিম এনাম জানান, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হলেই গড়ে দুই লক্ষ্ থেকে ছয় লক্ষ টাকার টিকেট বিক্রি হয়। বিশেষ করে বলাকাতে প্রায়সাড়ে চার লক্ষ এবং যমুনা ব্লকবাস্টারে পাঁচ লক্ষ টাকার ওপরে টিকেট বিক্রি হয়। এছাড়া সনিতে দুই লক্ষ, এবংঅভিসারে আড়াই লক্ষ সেল হয়।
আর ঢাকার বাইরে উল্লেখযোগ্য সিনেমা হলগুলোর মধ্যে নারায়নগঞ্জের নিউ মেট্রোতে প্রায় আড়াই লক্ষ, ডেমরার রানীমহলে প্রায় পৌনে দুই লক্ষ, টঙ্গীতে প্রায় সোয়া দুই লক্ষ, যশোরের মনিহারে প্রায় দুই লক্ষ, শ্রীপুরের চন্দ্রিমায় প্রায় আড়াই লক্ষ, সিলেটের নন্দিতায় দেড় লক্ষ, ময়মনসিংহের ছায়াবানীতে পৌনে দুই লক্ষ এবং রাজশাহীর উপহারে দেড় লক্ষ টাকার টিকেট বিক্রি হয়েছে।
এ ছবির মধ্য দিয়ে দেশের বেশকিছু সিনেমা হল টিকেট বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। যার মধ্যে টঙ্গীর আনারকলি, পটুয়াখালির তিতাস সিনেমা হল উল্লেখযোগ্য। মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেও দর্শকদের উপচেপড়া ভিড় আর অভাবনীয় আয় জানিয়ে দিয়েছে অগ্নি ছবিটি সুপার-ডুপার হিট।
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলিরাজ, মিশা সওদাগরসহ আরো অনেকে।