নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থী হলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর সরকার ।
সোমবার যাচাই-বাচাইয়ে ঋণ খেলাপীর দায়ে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম রফিকুন্নবি তার মনোনয়ন বাতিল ঘোষনা করেন। জানা গেছে বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণ খেলাপী ছিল।
নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির চারজন, আওয়ামী লীগের এক, জামায়াতের এক, জাতীয় পাটির দুই ও খেলাফত মজলিশের একজন মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ১৫ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।