সিসি ডেস্ক: জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পিঠাপুকুর থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ১ লাখ ২৪ হাজার টাকার জাল নোট, কম্পিউটার, স্ক্যানার মেশিন, রংসহ টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার চেংমারী গ্রামের আব্দুর রউফের বাড়ির কাছে ব্যাগভর্তি ৫০০ টাকার এক লাখ ২৪ হাজার টাকার জাল নোটসহ আব্দুল বারেক নামে এক যুবককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার শুকুরেরহাটে তহিদুলের কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেগুলো হল- কম্পিউটারের সিপিইউ, মনিটর, কালার প্রিন্টার, স্ক্যানার ও একটি অত্যাধুনিক ডিভাইস। এ সময় সেখান থেকে তহিদুলকেও আটক করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, জাল নোট তৈরির ঘটনায় ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে তহিদুল ইসলাম (২৮) ও মৃত খোরশেদ আলীর ছেলে আ. বারেককে (২৮) আটক করা হয়েছে।
– উত্তরবাংলা ডট কম